সাকিবের বিশ্বকাপ কেমন ছিল ?


মারুফ হাসান ।।

২০১৯ বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের। ইংল্যান্ড থেকে দেশের পথে এখন টাইগাররা। নয় ম্যাচের মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে মাশরাফীর দল। আর তাতেই শেষ সেমিফাইনালের স্বপ্ন । সবশেষ পাকিস্তানের কাছে বাজে ভাবে হারার পর এই বিশ্বকাপের অন্য অর্জনগুলো ফিকে হয়ে গেছে । কিন্তু তার মধ্যেও কিছু অর্জন এতটাই আলো ছড়িয়েছে তা পুরো বাংলাদেশটাই তার আলোয় আলোকিত হয়েছে । আর সেটি হল সাকিব আল হাসানের অতিমানবীয় ধারাবাহিক পারফর্মেন্স । ইংল্যান্ড বিশ্বকাপ তাই সাকিবময় বিশ্বকাপ । কি করেছেন সাকিব আল হাসান চলেন একটু চোখ বুলাই ।

এবারের বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৮৬ গড়ে রান করেছেন ৬০৬। যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২টি শতক, ৫টি অর্ধশতক, ৬০ চার, ২টি ছয় দিয়ে তার এই রান। সর্বোচ্চ ১২৪*।

বল হাতে ৩৬ গড়ে সাকিব নিয়েছেন ১১ উইকেট। সেরা ৫/২৯। আর ফিল্ডার সাকিবের ক্যাচ ৩ টি।

এবার আসা যাক তার সব বিশ্বকাপের হিসেব নিকেশে । চার বিশ্বকাপের ২৯ ম্যাচে রান করেছেন ১১৪৬ যার গড় ৪৫। যার মধ্যে চার আছে ১০৭টি আর ছয় ৮টি আর উইকেট নিয়েছেন ৩৪ টি। সেরা ফিগার ৫/২৯। ফিল্ডার সাকিবের ক্যাচ ৮ টি।

এখন ১১৪৫ রান করে সাকিব বিশ্বকাপ ইতিহাসের নবম সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব ।

সাকিব বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার বিশ্বকাপে ১১০০ রান ও ৩০ উইকেট রয়েছে। সাকিবের এই কীর্তিটা অনন্য। সাকিব ছাড়া অন্য কারো ৩০ উইকেটের সাথে ৭০০ রানও নেই। সাকিব যেখানে সবাইকে ছাপিয়ে গিয়েছে।

৩৪ উইকেট নিয়ে যৌথভাবে ১৬তম সর্বোচ্চ উইকেট শিকারি। বিশ্বকাপে সাকিবের চেয়ে বেশি উইকেট রয়েছে মাত্র তিনজন স্পিনারের।
সাকিব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার যে নির্দিষ্ট এক বিশ্বকাপে ৬০০+ রান ও ১০+ উইকেট নিয়েছে। সাকিব ছাড়া অন্য কারো ৪০০ রান, ১০ উইকেটও নেই।

সাকিব বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান যে বিশ্বকাপ ইতিহাসে টানা আট ইনিংসে ৪০+ রানের ইনিংস খেলেছে।
নির্দিষ্ট এক ক্রিকেট বিশ্বকাপে ৬০০+ রান করা তৃতীয় ব্যাটসম্যান সাকিব। ক্রিকেট বিশ্বকাপে সাকিব পঞ্চাশোর্ধ রানের ইনিংস ১২টি। সাকিবের সামনে শুধু শচীন। নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বাধিক পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছে সাকিব ৭বার। শচীনও সমান ৭বার, তবে খেলেছে ৩টি ইনিংস বেশি।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকার সাকিবের। যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেটের কৃতিত্ব সাকিবের।

বিশ্বকাপে দুটি শতক করা ও দুবার চার উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বাধিকবার একই ম্যাচে ৫০+ রান ও ২+ উইকেট নিয়েছে সাকিব ৪বার, যুবরাজও সমান ৪বার।

ক্রিকেট বিশ্বকাপে সাকিব বল করেছে ১৪৩৩টি; এরমধ্যে ডট দিয়েছে ৬৭৯ বল। বিশ্বকাপ ইতিহাসে সাকিবের চেয়ে বেশি বল ডট দিয়েছে মাত্র দুজন বোলার।

মঞ্চ প্রস্তুত ছিল, সাকিব এসে শুধু যেন সবাইকে ছাপিয়ে গেলেন.!! সাকিব কি তার সবচেয়ে সফল বিশ্বকাপ পার করলেন নাকি সামনের বিশ্বকাপে দেখব ট্রফি উঁচিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক !!


মারুফ হাসান
সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী